
বারাসাত, ১৬ এপ্রিল (হি.স.): ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে চাঞ্চল্য ছড়ালেন বারাসাতের এক বাসিন্দা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কোড়া বাবুপাড়া এলাকার বাসিন্দা সুমিতাভ মুখোপাধ্যায় জেলা শাসকের দফতরে এই মর্মান্তিক আবেদন জমা দেন।সুমিতাভবাবুর দাবি, তাঁর বাবা স্বপন মুখোপাধ্যায় (৮০) একজন প্রাক্তন বায়ুসেনা কর্মী। তাঁর এবং মা শাশ্বতী মুখোপাধ্যায়ের (৬৭) নাম ২০০২ সাল থেকেই ভোটার তালিকায় রয়েছে এবং এখনও তা বহাল আছে। সুমিতাভ নিজেও একই সময়ে ভোটার কার্ড (এপিক) পান এবং পরবর্তীতে খসড়া তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু অভিযোগ, গত ২৮ তারিখ প্রকাশিত চূড়ান্ত তালিকায় হঠাৎই তাঁর নাম বাদ পড়ে যায়, যদিও তাঁর স্ত্রীর নাম তালিকায় বহাল রয়েছে।একাধিক সরকারি দফতরে যোগাযোগ করেও সমস্যার কোনও সমাধান না হওয়ায় হতাশ হয়ে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন বলে জানান। তাঁর আশঙ্কা, ভোটার তালিকায় নাম না থাকায় ভবিষ্যতে তিনি ও তাঁর পরিবার বড়সড় আইনি জটিলতায় পড়তে পারেন।এছাড়া তিনি অভিযোগ করেন, প্রতিবেশী এক মহিলার নাম তালিকায় অস্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। গোটা ঘটনায় প্রশাসনিক স্তরে স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়