বিজেপির প্রচারে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা বনগাঁয়
উত্তর ২৪ পরগনা, ১৬ এপ্রিল (হি.স.): প্রচারে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল বনগাঁ উত্তর বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার সকালে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাব
বিজেপির প্রচারে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা বনগাঁয়


উত্তর ২৪ পরগনা, ১৬ এপ্রিল (হি.স.): প্রচারে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল বনগাঁ উত্তর বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার সকালে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, প্রচারে বেরোলে তৃণমূলের এক নেতার নেতৃত্বে একদল লোক তাঁদের পথ আটকায় এবং কর্মীদের উপর হামলা চালায়। এতে অন্তত ৬ জন বিজেপি কর্মী আহত হন বলে দাবি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অশোক কীর্তনিয়ার অভিযোগ, সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনী প্রচার বন্ধ করার চেষ্টা চলছে এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া।

তাঁর দাবি, এদিন সকালে তিনি দলীয় কর্মীদের নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার নেতৃত্বে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। বিজেপি কর্মীদের শারীরিক নিগ্রহ করার পাশাপাশি এক মতুয়ার ‘আচার মালা’ ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কর্মী-সমর্থকদের নিয়ে বনগাঁ থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন প্রার্থী। অশোক কীর্তনিয়া বলেন, আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। নির্বাচন কমিশনকে পদক্ষেপ করতেই হবে। ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপির লোকজনই স্থানীয় বাসিন্দাদের মারধর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande