
কলকাতা, ১৬ এপ্রিল (হি. স.) : বাংলায় নির্বাচনী উত্তাপের মাঝেই বিজেপি নেত্রী স্মৃতি ইরানি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যদের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে যে, গত ১৫ এপ্রিল বিজেপি নেতারা ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ নামক একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় এই প্রকল্পের ফর্মও বিলি করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনের মুখে এই ধরনের ঘোষণা এবং ফর্ম বিতরণ আদর্শ আচরণবিধির চরম লঙ্ঘন। দলের মতে, মহিলাদের আর্থিক প্রলোভন দেখিয়ে এই ফর্মগুলি পূরণ করানো হচ্ছে এবং বিনিময়ে নগদ বা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে যে, এই পুরো প্রক্রিয়ার সময় এবং ধরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কোনও জনহিতকর কাজ নয়, বরং পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। উল্লেখ্য, গত বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কলকাতায় উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি মহিলাদের মধ্যে এই ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিতরণ করেন।
তৃণমূলের অভিযোগ, এই ধরনের কার্যকলাপ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী এবং এটি ভোটারদের স্বাধীন মতপ্রকাশে বাধা সৃষ্টি করে। দলটির দাবি, এটি ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ নম্বর ধারা অনুযায়ী একটি ‘দুর্নীতিমূলক কাজ’। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর বিভিন্ন ধারা অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ।
তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে যে, স্মৃতি ইরানি, শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হোক এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
হিন্দুস্থান সমাচার / সোনালি