
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে নির্বাচনী প্রচারের গতি। আরামবাগ বিধানসভা এলাকায় নিবিড় জনসংযোগে বিশেষ গুরুত্ব দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সিপিআইএম প্রার্থী বীথিকা পণ্ডিত। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনছেন এবং বামপন্থীদের বিকল্প পরিকল্পনার কথা তুলে ধরছেন তিনি।
প্রচারের সময় বীথিকা পণ্ডিত বিগত বামফ্রন্ট সরকারের আমলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি দাবি করেন, বাম আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং গ্রামীণ উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার সুফল মানুষ আজও পাচ্ছেন। সেই জনমুখী উন্নয়নের ধারাকে পুনরায় ফিরিয়ে আনতেই তিনি লড়াই করছেন বলে জানান।
এদিনের প্রচারে স্থানীয় দলীয় কর্মী-সমর্থকরা বিপুল উৎসাহে অংশ নেন। তাঁদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা তাঁকে স্বাগত জানান এবং এলাকার পানীয় জল ও বেহাল রাস্তাঘাটের সমস্যার কথা তুলে ধরেন।
বীথিকা পণ্ডিত জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই তাঁর প্রচারের মূল হাতিয়ার। মানুষের আস্থা ও সক্রিয় সমর্থন নিয়ে তিনি জয়ের বিষয়ে আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA