
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.) : গোঘাট বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি আনতে বৃহস্পতিবার নিজের গ্রাম সেলামপুরসহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় ব্যাপক জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। এদিন সকাল থেকেই তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন জানান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।নিজের গ্রামের ছেলে হিসেবে প্রশান্ত দিগারকে কাছে পেয়ে গ্রামবাসীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই তাঁকে স্বাগত জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবি তুলে ধরেন। প্রার্থীও সেগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন এবং জয়ী হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।প্রচারের সময় স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যুবক থেকে প্রবীণ—সব শ্রেণির মানুষের অংশগ্রহণে এলাকা জুড়ে এক প্রকার উৎসবের আবহ তৈরি হয়। গ্রামবাসীরা জানান, নিজের এলাকার সন্তানকে প্রার্থী হিসেবে পেয়ে তাঁরা গর্বিত এবং তাঁকে পূর্ণ সমর্থন করতে প্রস্তুত।প্রশান্ত দিগার বলেন, “নিজের গ্রামে এসে মানুষের এত ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি অভিভূত। গোঘাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি কাজ করতে চাই। আপনাদের আশীর্বাদ থাকলে সেই লক্ষ্যে অবশ্যই সফল হব।” রাজনৈতিক মহলের অভিমত, এদিনের এই নিবিড় প্রচার কর্মসূচি গোঘাটে বিজেপির সংগঠনকে আরও চাঙ্গা করে তুলবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA