
কুমারঘাট (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : আগামীকাল শুক্রবার ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হতে চলেছে। ঊনকোটি জেলার কুমারঘাট বালিকা বিদ্যালয়ে দুইটি আসনের গণনা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরদার প্রস্তুতি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা।
প্রশাসন সূত্রে জানা গেছে, ২- মাছমারা এবং ৪-করমছড়া আসনের ভোট গণনা হবে কুমারঘাট বালিকা বিদ্যালয়ে স্থাপিত গণনা কেন্দ্রে। ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষে উভয় কেন্দ্রের ইভিএমগুলি কড়া নিরাপত্তায় বিদ্যালয়ের স্ট্রংরুমে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেখান থেকেই নির্ধারিত নিয়ম অনুযায়ী গণনার কাজ সম্পন্ন করা হবে।
এ বিষয়ে কুমারঘাট মহকুমার শাসক তথা রিটার্নিং অফিসার এনএস চাকমা জানান, শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে এবং সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে- ভোট গণনা শুরু হবে। গণনার জন্য মোট ১৪টি টেবিল নির্ধারিত হয়েছে।
তিনি আরও জানান, ২-মাছমারা আসনের ভোট গণনা সম্পন্ন হবে তিন দফায় এবং ৪-করমছড়া আসনের ভোট গণনা হবে চার দফায়। যাতে সম্পূর্ণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা।
নিরাপত্তার ক্ষেত্রে রাখা হয়েছে ত্রিস্তরীয় ব্যবস্থা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গণনা কেন্দ্র ও আশপাশ এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য প্রতিটি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখান থেকেই তারা মাইকের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
গণনার দিন কুমারঘাট-ফটিকরায় সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত থাকবে। গণনা কেন্দ্রের সামনে ওই সড়কটি বন্ধ রাখা হবে এবং বিকল্প রুট দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড বসানোর কাজ শুরু হয়েছে।
এছাড়াও গোটা গণনা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যাতে প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়। গণনা প্রক্রিয়া নির্ধারিত সময়ে শুরু করার জন্য সমস্ত রাজনৈতিক দলের এজেন্টদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে টিটিএএডিসি নির্বাচনের মাছমারা ও করমছড়া কেন্দ্রের ভোট গণনাকে ঘিরে কুমারঘাটে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ