শান্তিরবাজারে কঠোর নিরাপত্তায় আগামীকাল টিটিএএডিসি ভোটগণনা, প্রস্তুতি সম্পন্ন প্রশাসনের
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় জোরদার প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আগামীকাল ১৭ এপ্রিল ২৬ নং
সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার


শান্তিরবাজার (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় জোরদার প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আগামীকাল ১৭ এপ্রিল ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের ভোটগণনা অনুষ্ঠিত হবে শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে।

বৃহস্পতিবার বিকেলে মহকুমাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক শান্তি রঞ্জন চাকমা। তিনি জানান, আগামীকাল সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগণনার কাজ শুরু হবে।

ভোটগণনার জন্য কাউন্টিং হলে মোট ১২টি টেবিল রাখা হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালট গণনার জন্য আলাদাভাবে একটি বিশেষ টেবিলের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত ২৬৪টি পোস্টাল ব্যালট জমা পড়েছে, তবে এখনও ৭টি ব্যালট এসে পৌঁছায়নি। নির্ধারিত সময় সকাল ৮টার আগে ওই ব্যালটগুলি পৌঁছালে সেগুলি গণনায় অন্তর্ভুক্ত করা হবে, অন্যথায় তা বাতিল বলে গণ্য করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গে রিটার্নিং অফিসার জানান, গণনার দিন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, টিএসআর এবং পুলিশ। এছাড়া, প্রতিটি রাজনৈতিক দলকে সর্বোচ্চ ৫০ জন সমর্থক নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজনৈতিক দলগুলির জন্য আলাদা আলাদা অবস্থানের ব্যবস্থাও করা হয়েছে। তিপ্রা মথা দলের জন্য আরকে গঞ্জ স্কুল মাঠ, বিজেপি-র জন্য শান্তিরবাজার পুরাতন মোটর স্ট্যান্ড এবং অন্যান্য দলগুলির জন্য বেতাগায় অবস্থিত শান্তিরবাজার ডিগ্রি কলেজের মাঠ নির্ধারিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবারে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। সবমিলিয়ে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, সম্পূর্ণ প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande