
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষের নির্বাচনী প্রচারে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল অরুণ্ডা অঞ্চলে। বিশেষ করে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা এই প্রচার কর্মসূচিকে এক অন্য মাত্রা দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অরুণ্ডা এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগে বের হন বিমান ঘোষ। তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মোদী সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। প্রচার চলাকালীন রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সরব হয়ে তিনি পরিবর্তনের লক্ষ্যে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিনের কর্মসূচিতে নারীশক্তির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গ্রামের মহিলারা তাঁদের দৈনন্দিন সমস্যার কথা প্রার্থীর কাছে নির্ভয়ে তুলে ধরেন। বিমান ঘোষ তাঁদের কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁদের আর্থিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এদিনের এই নিবিড় জনসংযোগ কার্যত এক বিশাল শোভাযাত্রার আকার নেয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে অরুণ্ডা অঞ্চলে বিজেপির এই ব্যাপক প্রচার পদ্ম শিবিরের পালে বাড়তি হাওয়া যোগ করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA