
আরামবাগ , ১৬ এপ্রিল (হি.স)
পুরশুরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজরার সমর্থনে জমজমাট প্রচারে অংশ নিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বৃহস্পতিবার সুদরুশ এলাকা থেকে ফতেপুর পর্যন্ত দীর্ঘ রোড শো অনুষ্ঠিত হয়, যেখানে ভিড় জমায় হাজার হাজার কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।
রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফুল ছিটিয়ে ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান পায়েল সরকার এবং প্রার্থী পার্থ হাজরা। তাঁদের দেখতে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ।
এই প্রচারে অংশ নিয়ে পায়েল সরকার বলেন, রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করা জরুরি। তিনি সাধারণ মানুষের কাছে পার্থ হাজরার সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান।
অন্যদিকে পার্থ হাজরা জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনই তাঁর লড়াইয়ের শক্তি। এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েই তিনি ভোটের ময়দানে নেমেছেন বলে জানান।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পুরশুরায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তারই মধ্যে এই তারকাখচিত রোড শো এলাকায় নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA