
আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.): নাগরিক পরিষেবার একাধিক দাবিতে বৃহস্পতিবার আগরতলায় রাজপথে নামল বামপন্থীরা। বিকল্প পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, বেহাল রাস্তা ও ড্রেনের দ্রুত সংস্কার এবং নিগম এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে মিছিল করল সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। মিছিল শেষে আগরতলা পুর নিগমে ডেপুটেশনও প্রদান করা হয়।
এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি অভিযোগ করেন, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম নাগরিক পরিষেবা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অবৈজ্ঞানিক পরিকল্পনা ও জনবিরোধী কাজকর্মের ফলে শহরের সমস্যাগুলি ক্রমশ জটিল আকার ধারণ করছে বলে দাবি তাঁর।
তিনি বলেন, “কাটাখাল প্রকল্পের নামে বহু মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, অথচ তাঁদের জন্য কোনও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।” উচ্ছেদ হওয়া পরিবারগুলির দ্রুত পুনর্বাসনের দাবিও জানান তিনি।
পানীয় জলের সমস্যার প্রসঙ্গ তুলে রতন দাস বলেন, আগরতলা শহরে বর্তমানে তীব্র জলসংকট চলছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের সময় অবৈজ্ঞানিকভাবে জল সরবরাহের পাইপ কেটে ফেলার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর ফলে বহু এলাকায় জণ্ডিসসহ জলবাহিত রোগের প্রকোপ বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া, জল সরবরাহ ঠিকমতো না হলেও জলকর বাড়ানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শহরের প্রতিটি ঘরে নিয়মিত ও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানান বাম নেতৃত্ব।
অন্যদিকে, শহরের বিভিন্ন এলাকায় ধুলো দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। চলমান উন্নয়নমূলক কাজগুলির ধীরগতির কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। দ্রুত এই কাজগুলি সম্পন্ন করে নাগরিক দুর্ভোগ কমানোর দাবি জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ