আগরতলায় এনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ শিবিরে আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শনী
আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.) : দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র উদ্যোগে আয়োজিত কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবিরে বৃহস্পতিবার এক বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হলো দেশি ও বিদেশি অত্যাধুনিক অস
এনসিসি ক্যাডেট


আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.) : দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র উদ্যোগে আয়োজিত কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবিরে বৃহস্পতিবার এক বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হলো দেশি ও বিদেশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী। শহরের শহীদ ভগৎ সিং যুব আবাস প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেয় শিবিরে অংশগ্রহণকারী শতাধিক এনসিসি ক্যাডেট।

৩৫-আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের সহযোগিতায় আয়োজিত এই অস্ত্র প্রদর্শনীতে ক্যাডেটদের সামনে তুলে ধরা হয় বিভিন্ন আধুনিক আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম। উপস্থিত আধিকারিক ও জওয়ানরা প্রতিটি অস্ত্রের ব্যবহার, কার্যকারিতা এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলি হাতে-কলমে বোঝান। প্রদর্শিত অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল ৯ এমএম পিস্তল, ৭.৬২ এমএম একে-৪৭ রাইফেল, ৫.৫৬ এমএম এলএমজি, ৮৪ এমএম রকেট লঞ্চার, ৫১ এমএম মর্টার, এক্সক্যালিভার রাইফেলসহ আরও বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র কর্ণেল এনএস বাথ জানান, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “এনসিসি ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে মোট ৪৭২ জন বালক ও বালিকা ক্যাডেট অংশ নিয়েছে। শিবির চলাকালীন ক্যাডেটদের ম্যাপ রিডিং, ড্রিল, পিটি, যোগব্যায়াম, মিলিটারি ট্রেনিং, ফায়ারিং, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, ব্যক্তিত্ব উন্নয়ন, পরিবেশ সচেতনতা, সামাজিক দায়িত্ববোধসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি ক্যাডেটদের শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থান যেমন এলবার্ট এক্কা পার্ক, হেরিটেজ পার্ক এবং আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করানো হয়। শিবিরে পকসো আইন বিষয়ে বিশেষ আলোচনা করেন ডা. এস গুপ্তা এবং কিক বক্সিং-এর প্রাথমিক প্রশিক্ষণ দেন মুক্তা দেবনাথ।

উল্লেখ্য, এই কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির আগামীকাল সমাপ্ত হবে। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ ক্যাডেটদের মধ্যে আত্মবিশ্বাস ও দেশসেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande