টিটিএএডিসি নির্বাচন : ২৮ আসনের ভাগ্য নির্ধারণে কাল গণনা, নিরাপত্তায় কড়াকড়ি
আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোট গণনা আগামীকাল ১৭ এপ্রিল রাজ্যের মোট ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই গণনা প্রক্রিয়ার মাধ্যমে কাউন্সিলের ২৮টি আসনের চূড়ান্ত ফলাফল নির্
কুমারঘাটে ভোট গণনার প্রস্তুতি


আগরতলা, ১৬ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোট গণনা আগামীকাল ১৭ এপ্রিল রাজ্যের মোট ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই গণনা প্রক্রিয়ার মাধ্যমে কাউন্সিলের ২৮টি আসনের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন বৃহস্পতিবার জানান, ভোট গণনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রের চারপাশে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, সেজন্য জেলা প্রশাসনকে ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র আওতায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলের সমর্থক ও কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। গণনা কেন্দ্রগুলির আশপাশে নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত করে সেখানে নিয়ন্ত্রিতভাবে জমায়েতের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি, কোনওরকম উত্তেজনা বা বিশৃঙ্খলা এড়াতে নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

ভোট গণনার প্রক্রিয়া প্রথমে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে শুরু হবে। এরপর ধাপে ধাপে ইভিএমে রেকর্ড হওয়া ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্রুত ও স্বচ্ছ পদ্ধতিতে ফলাফল প্রকাশের লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে, নির্বাচনের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হয়েছে, সেগুলি হল—পেকুয়ারছড়া-জনমেজয়নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল, কুলাই-চম্পাহাওর কেন্দ্রের ভাটিময়দান এসবি স্কুল ও রামদেব ঠাকুর পাড়া এবং মহারানি-তেলিয়ামুড়া কেন্দ্রের নন্দকুমার পাড়া জেবি স্কুল।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পুলিশ সদর দফতর সূত্রে জানানো হয়েছে, চারটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল এবং দিনভর কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, আগামীকালের গণনা প্রক্রিয়াও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবং দ্রুত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande