
বাঁকুড়া, ১৭ এপ্রিল (হি.স.): সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় উজ্জ্বল ফল করে নজর কাড়ল বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের ছাত্র শেখ আরিয়ান রহমান । ৫০০-র মধ্যে ৪৯৫ নম্বর পেয়ে ৯৯ শতাংশ নম্বর অর্জন করেছে সে।
প্রাপ্ত নম্বর অনুযায়ী ইংরেজিতে ৯৭, বাংলায় ৯৯, অঙ্কে ১০০, বিজ্ঞানে ১০০ এবং সামাজিক বিজ্ঞানে ৯৯ নম্বর পেয়েছে আরিয়ান। উচ্চ নম্বরের ভিত্তিতে জেলার মেধাতালিকায় সে অন্যতম সেরা স্থান অধিকার করেছে বলে জানা গিয়েছে।
১৫ এপ্রিল প্রকাশিত ফলাফলের পর বিষ্ণুপুর জুড়ে খুশির হাওয়া। আরিয়ানের বাড়ি বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের গোপেশ্বর পল্লীতে। তার বাবা শেখ হাবিবুর রহমান একজন শিক্ষক এবং মা গৃহবধূ।
শুক্রবার পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই পড়াশোনায় মেধাবী আরিয়ান নিয়মিতভাবে স্কুলে প্রথম স্থান অধিকার করে এসেছে। নির্দিষ্ট সময় বেঁধে না পড়লেও সুযোগ পেলেই বই নিয়ে বসত সে। নিজের সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের কৃতিত্ব দিয়েছে আরিয়ান।
পড়াশোনার পাশাপাশি ক্রিকেট ও ফুটবল খেলতেও ভালোবাসে সে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে তার।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট