
শাহজাহানপুর, ১৭ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার তিলহার থানার এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াই হয়। গুলিবিদ্ধ দুই দুষ্কৃতী আহত হয়। পরে পুলিশ দুই আহত দুষ্কৃতী–সহ তাদের আরও এক সঙ্গীকে গ্রেফতার করে। আহতদের চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
শুক্রবার পুলিশ সুপার (গ্রামীণ) জানান, বৃহস্পতিবার গভীর রাতে তিলহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, তিন দুষ্কৃতী মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাফেরা করছে। সেই তথ্যের ভিত্তিতে বখতিয়ারপুর গৌতিয়া মোড় এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। এই সময় একটি মোটরসাইকেলে তিন সন্দেহভাজনকে আসতে দেখে পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। তাড়াহুড়োয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। এরপর পুলিশ তাদের ধরতে গেলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশও পাল্টা গুলি চালালে দুই দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে পুলিশ ঘেরাও করে পিলিভিট জেলার বাসিন্দা ওয়াহিদ খান, শাহজাহানপুরের বাসিন্দা ফত্তে এবং তাদের সঙ্গী মুন্নাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস