
সম্ভল, ১৭ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের সম্ভল জেলার আসমোলি থানা এলাকার মুবারকপুর বান্দ গ্রামে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ মসজিদ ও ৩৫ ফুট উঁচু মিনার ভেঙে দিল প্রশাসন। শুক্রবার সকালে পুলিশবাহিনী মোতায়েন করে এই অভিযান চালানো হয়।
জানা গিয়েছে, প্রায় ৬০০ বর্গমিটার সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে, যা খেলাধুলার মাঠ ও সার সংরক্ষণের জন্য নির্ধারিত ছিল। সকাল প্রায় ৯টা নাগাদ জেসিবি মেশিন নিয়ে প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে মসজিদের বাইরে থাকা পাঁচটি দোকান ভাঙা হয়। পরে দুপুরে মসজিদ ও মিনারটি গুঁড়িয়ে দেওয়া হয়।
সম্ভলের জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পানসিয়া জানান, তিন মাস আগে গ্রাম প্রধানের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আদালতে ওঠে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয়দের আগে নিজে থেকে অবৈধ নির্মাণ সরানোর নির্দেশ দেওয়া হলেও তা না হওয়ায় প্রশাসন ব্যবস্থা নেয়।
প্রশাসনের দাবি, প্রায় ১৫ বছর আগে এই জমিতে অবৈধ নির্মাণ করা হয়েছিল এবং ধীরে ধীরে আশেপাশেও দখল বাড়ে। এর আগেও ওই এলাকায় আংশিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।
বর্তমানে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং ভবিষ্যতেও সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালানো হবে বলে প্রশাসন জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য