
হুগলি, ১৭ এপ্রিল (হি.স.): নির্বাচনের আবহে খানাকুলে জোরদার জনসংযোগে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পলাশ কুমার রায় । শুক্রবার ধান্যঘোরি এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান তিনি।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন পলাশ রায়। তাঁদের সমস্যা, দাবি ও অভাব-অভিযোগ শোনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। একইসঙ্গে আগামী দিনে উন্নয়নের ধারা বজায় রাখতে সমর্থন ও ভোটের আবেদন জানান তিনি।
এই পদযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। গ্রামের সরু পথ ও দূরবর্তী এলাকা পেরিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছনোর এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
রাজনৈতিক মহলের মতে, এ ধরনের সরাসরি জনসংযোগ ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করে এবং নির্বাচনী প্রচারে ইতিবাচক প্রভাব ফেলে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA