
তিনসুকিয়া (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত কাকোপথার এলাকার লাজুম গ্রামে গতকাল শুক্রবার সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর আজ শনিবার সকাল থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। জাতীয় সড়ক অবরোধের ফলে হাজার হাজার যানবাহন আটকে পড়ে।
নিহতদের কাকোপথারের বাসিন্দা, কাকোপথার ফুটবল কোচিং সেন্টারের গোলকিপার প্রণজিত দাস এবং তেজি গ্রামের শশাঙ্ক মরান বলে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেছেন, শুক্রবার রাতে বিহু উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের অদূরে রাস্তার পাশে মোটরবাইকে বসেছিলেন প্রণজিত দাস এবং শশাঙ্ক মরান। সে সময় একটি দ্রুতগতির বলেরো গাড়ি রাস্তার পাশে দণ্ডায়মান মোটরবাইকে ধাক্কা মারে।
প্রচণ্ড ধাক্কায় দুই যুবক ছিটকে রাস্তায় পড়ে গুরুতরভাবে আহত হন। উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
ডুমডুমা থানার পুলিশ জানিয়েছে, এএস ০১ ভি ০৩৯৯ নম্বরের ঘাতক বলেরোটি কাকোপথারের দিক থেকে আসছিল। পুলিশ বলেরোর চালককে আটক করার পাশাপাশি ঘাতক গাড়িকে বাজেয়াপ্ত করেছে।
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। আজ শনিবার সকালে তাঁরা কাকোপথার থানার কাছে ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে মৃতদের পরিবারের জন্য দ্রুত বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানান।
জাতীয় সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সড়কের দুপাশে হাজার হাজার গাড়ি আটকে পড়ায় গোটা এলাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের দাবির ভিত্তিতে আলোচনা করছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস