কদমতলায় পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার
কদমতলা (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টা নাগাদ এ
ইয়াবা উদ্ধার কদমতলায়


কদমতলা (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টা নাগাদ এই সাফল্য মেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রানিবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকায় টহলদারির সময় বিএসএফ জওয়ানদের নজরে আসে একটি সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ। দীর্ঘ সময় ধরে ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে কদমতলা থানার পুলিশকে খবর দেওয়া হলে, উভয় বাহিনীর উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।

তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকারও বেশি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই ইয়াবা ট্যাবলেটগুলি সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং কীভাবে এই বিপুল পরিমাণ মাদক সীমান্ত এলাকায় পৌঁছল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই পুরো সীমান্ত এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে আশপাশের গ্রাম ও জঙ্গল এলাকাতেও অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande