রুনিখাতা বন দফতরে সহিংসতার অভিযোগে গ্রেফতার ১৫, ইন্টারনেট পরিষেবা বন্ধ চিরাং ও কোকরাঝাড়ে
চিরাং (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : চিরাং জেলার অন্তৰ্গত রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে গতকাল শুক্রবার সংঘটিত সহিংস হামলা, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চিরাঙের সিনিয়র পুলিশ সুপার মোহনলাল মিনা এ খবর দিয়ে বলেন, গতকাল সংগঠিত
রুনিখাতা বন দফতরে সহিংসতার অভিযোগে গ্রেফতার ১৫, ইন্টারনেট পরিষেবা বন্ধ চিরাং ও কোকরাঝাড়ে


চিরাং (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : চিরাং জেলার অন্তৰ্গত রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে গতকাল শুক্রবার সংঘটিত সহিংস হামলা, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

চিরাঙের সিনিয়র পুলিশ সুপার মোহনলাল মিনা এ খবর দিয়ে বলেন, গতকাল সংগঠিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, গত ১৬ এপ্রিল শুরু হয় উত্তেজনা। বন দফতরের দল শিখনা জ্বওলাও জাতীয় উদ্যানের সংলগ্ন রিপু–চিরাং সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল ও বনভূমি সাফ করার অভিযোগে স্থানীয় কয়েকজন আটক করেছিল। সেদিন রাতে তাদের মুক্তির দাবিতে জনতার এক দল রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে জড়ো হলেও তখন কোনও সহিংসতা হয়নি।

কিন্তু শুক্রবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন লাঠিসোঁটা নিয়ে আরও বড় একটি জনতা সেখানে ফিরে এসে হামলা চালায়। তারা অফিস ও আবাসিক কোয়ার্টার ভাঙচুর করে, সাত থেকে আটটি যানবাহনে আগুন লাগায়। এর মধ্যে সরকারি জিপও ছিল। কেবল তা-ই নয়, তারা বনরক্ষীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় কয়েকজন বনকর্মী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বনকর্মীরা লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাতে কাজ না হওয়ায় উত্তেজনা বাড়লে পুলিশ শূন্যে গুলি ছোঁড়ে।

পরিস্থিতির অবনতি ঠেকাতে অসম সরকার শুক্রবার সন্ধ্যা থেকে চিরাং এবং পার্শ্ববর্তী কোকরাঝাড় জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে। এছাড়া ১৬৩ ধারা জারি করে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনও অভিযোগ থাকলে তা আইন মোতাবেক জানাতে হবে। সহিংসতা ও সরকারি সম্পত্তি নষ্ট করে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande