

গুয়াহাটি, ১৮ এপ্রিল (হি.স.) : রাজধানী গুয়াহাটির বশিষ্ঠ থানার পুলিশ এক মহিলা ও দুই পুরুষ সহ কুখ্যাত তিন চোরকে গ্রেফতার করেছে। ধৃত তিন চোর গুয়াহাটি শহরের বিভিন্ন এলাকায় রাতে গৃহস্থদের বাড়ি-ফ্ল্যাটে অসমিয়া মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক মেখলা-চাদর পরে চুরি করত। তবে তিন চোরের দলে এক মহিলাও রয়েছে। তারা একই পরিবারের সদস্য বলে পুলিশের কাছে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, তিন চোর বহুদিন ধরে রাতে মেখলা-চাদর পরে মহিলার বেশে বশিষ্ঠ ও সংলগ্ন এলাকায় গৃহস্থদের বাড়ি-ফ্ল্যাটে চুরিকার্য সংগঠিত করছিল। মেখলা পরিহিত চোরেদের উৎপাতে পুলিশের কালোঘাম ছুটছিল। অবশেষে তিন মেখলা-চোরকে পাকড়াও করেছে বশিষ্ঠ পুলিশ। তিন চোর যথাক্ৰমে জানমণি শৰ্মা, তার (জানমণি) স্ত্রী ধনদা দেবী এবং গগন বৰ্মণ বলে শনাক্ত করা হয়েছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে পুলিশ এই তিন চোরকে পাকড়াও করার পর গ্ৰেফতার করেছে। ধৃত চোরদের হেফাজত থেকে চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, দুটি দ্বিচক্ৰযান, সোনা ও রূপার গয়না এবং অসমীয়া মহিলাদের পরম্পরাগত পোশাক মেখলা-চাদর বাজেয়াপ্ত করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস