
তারকেশ্বর, ১৮ এপ্রিল (হি.স.): বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে হুগলির তারকেশ্বরে আয়োজিত হল বর্ণাঢ্য বাইক মিছিল । দেশাত্মবোধক আবেগে ভরপুর এই কর্মসূচিতে অংশ নেন বহু যুবক-যুবতী ও স্থানীয় বাসিন্দা।
মিছিলটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও ‘বন্দে মাতরম’ লেখা ব্যানার। দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অনেকেই তেরঙ্গা রঙের পোশাক পরে অংশ নেন র্যালিতে, যা কর্মসূচিকে আরও আকর্ষণীয় করে তোলে।
আয়োজকদের দাবি, বন্দে মাতরম শুধু একটি গান নয়, স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। সেই ঐতিহ্যকে স্মরণ করতেই এই উদ্যোগ।
হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ র্যালিতে যোগ দেন। নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA