
ঝাড়গ্রাম, ১৮ এপ্রিল (হি.স.): তীব্র গরম উপেক্ষা করেই নয়াগ্রামের বালিগেড়িয়া পীর বাবা মাঠে শনিবার বিকেলে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে উপচে পড়া ভিড়ের সামনে সভা করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ।
সভা শুরুর আগে তাঁকে হলুদ গামছা পরিয়ে বরণ করেন নয়াগ্রাম ব্লক সভাপতি রমেশ রাউত। মঞ্চে উঠে তিনি হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান এবং ফুলের তোড়া ছুঁড়ে দেন দর্শকদের দিকে। সভা শেষে একটি হলুদ উত্তরীয় ছুঁড়ে দেওয়ায় উপস্থিতদের মধ্যে উৎসাহ দেখা যায়।
প্রচণ্ড গরমের মধ্যেও বিপুল জনসমাগমে কৃতজ্ঞতা জানিয়ে দেব বলেন, “এই গরমে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। দলের হয়ে, দিদির হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।” তিনি স্পষ্ট করেন, ভোট চাইতে নয়, আশীর্বাদ চাইতে এসেছেন এবং প্রার্থী দুলাল মুর্মুর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
রাজনৈতিক আক্রমণ এড়িয়ে কাজের নিরিখে বিচার করার বার্তা দেন তিনি। তাঁর কথায়, কোনও দলকে ছোট করে নয়, কাজ ও আচরণই দলের পরিচয়। ভোট দেওয়ার আগে মানুষকে ভেবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজ্য সরকারের প্রকল্পের প্রসঙ্গ তুলে দেব বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজসাথী ও রূপশ্রী প্রকল্প সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। তিনি দাবি করেন, প্রতিশ্রুতি রক্ষা করাই সরকারের প্রধান শক্তি এবং সেই কারণেই মানুষের সমর্থন তৃণমূলের দিকে রয়েছে।
সভায় উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, বিভাজনের রাজনীতিতে না গিয়ে উন্নয়নের ধারাকেই গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বিভিন্ন প্রকল্প ঘরে ঘরে পৌঁছে গিয়েছে বলেও উল্লেখ করেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই সভায় বিপুল জনসমাগমই প্রমাণ করছে নয়াগ্রামে দলের সংগঠন মজবুত এবং প্রার্থী দুলাল মুর্মুর পক্ষে জনসমর্থন বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো