
মেদিনীপুর, ১৮ এপ্রিল ( হি. স.) : পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপের মধ্যেই ভাঙন ধরল শাসক দল তৃণমূল কংগ্রেসে। শনিবার সকালে এক রাজনৈতিক কর্মসূচিতে ২৩ জন তৃণমূল কর্মী আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন। মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তাঁরা গেরুয়া শিবিরে শামিল হন।
বিজেপি সূত্রে খবর, ডেবরায় আয়োজিত এই অনুষ্ঠানে ওই কর্মীদের হাতে বিজেপির ঝাণ্ডা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। এই প্রসঙ্গে জেলা সভাপতি তন্ময় দাস বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। আর সেই কারণেই মানুষ বিকল্প হিসেবে বিজেপির আদর্শের প্রতি আস্থা রাখছেন। আগামী দিনে আরও অনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেবেন বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, যাঁরা দল ছেড়ে গিয়েছেন তাঁরা সংগঠনের কোনো বড় পদে ছিলেন না এবং এর ফলে দলের ওপর বিশেষ কোনো প্রভাব পড়বে না। ডেবরা এলাকায় এই দলবদল নির্বাচনের মুখে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / সোনালি