
মালদা, ১৮ এপ্রিল (হি. স.): শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে ঝোড়ো প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর। এদিন জাতীয় কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বিশাল বাইক র্যালির মাধ্যমে তিনি প্রচার শুরু করেন। এরপর হুডখোলা গাড়িতে চড়ে চাঁচল-২ নম্বর ব্লকের ভাকরি অঞ্চল জুড়ে রোড-শো করেন তিনি।
ভাকরি এলাকার গ্রামগুলিতে ঘোরার সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন মৌসম নূর। গ্রামে কংগ্রেস প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে স্বাগত জানান। কেউ বাড়ির দরজা বা বারান্দা থেকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন, আবার কেউ এগিয়ে এসে তাঁকে মাল্যদান করে অভ্যর্থনা জানান। জনসংযোগের সময় অনেককেই তাঁর সঙ্গে হাত মিলিয়ে কথা বলতে দেখা যায়।
মালদার প্রবাদপ্রতিম নেতা প্রয়াত গনিখান চৌধুরীর ভাগ্নি হিসেবে মৌসম নূরের এই প্রচার ঘিরে এলাকায় বিশেষ কৌতূহল ও উন্মাদনা তৈরি হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া এই দীর্ঘ প্রচার কর্মসূচি সন্ধ্যায় শেষ হয়।
প্রচার শেষে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মৌসম নূর দাবি করেন, সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলছে। তাঁর কথায়, “যেভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তাতে স্পষ্ট যে কংগ্রেসের প্রতি মানুষের আবেগ আজও অটুট রয়েছে।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়