
হুগলি , ১৮ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাইক মিছিলের মাধ্যমে জোরদার প্রচারে নামলেন গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাঝি । শনিবার বালি অঞ্চলের একাধিক গ্রাম পরিক্রমা করে তিনি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
প্রচারের সময় নির্মল মাঝি উন্নয়নকে সামনে রেখে ভোটের আবেদন জানান। তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বে গোঘাটে এমন উন্নয়ন হবে, যা স্বাধীনতার পর এই অঞ্চলের মানুষ আগে দেখেনি। অতীতে বিধায়ক ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে যে কাজ করেছেন, আগামী পাঁচ বছরে তার দ্বিগুণ উন্নয়ন করার অঙ্গীকারও করেন তিনি।
এদিনের বাইক মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। রাস্তাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বহু স্থানীয় বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে ছবি তোলেন।
বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁদের উৎসাহ ও উপস্থিতি প্রচারে আলাদা মাত্রা যোগ করে।
সব মিলিয়ে গোঘাটে নির্মল মাঝির এই প্রচার কর্মসূচি নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA