সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইন্টারনেট পরিষেবা চালু মণিপুরের পাঁচটি জেলায়
ইমফল, ১৮ এপ্রিল (হি.স.) : আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা এবং জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে রাজ্যের পাঁচ জেলা যথাক্রমে ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, থউবাল, কাকচিং এবং বিষ্ণুপুর থেকে মোবাইল ইন্টারনেট ও ডাটা পরিষেবা (ভিপিএন পরিষেবা)-র ওপর থেকে সাম
ইন্টারনেট পরিষেবা_প্রতিনিধিত্বমূলক চিত্র


ইমফল, ১৮ এপ্রিল (হি.স.) : আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা এবং জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে রাজ্যের পাঁচ জেলা যথাক্রমে ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, থউবাল, কাকচিং এবং বিষ্ণুপুর থেকে মোবাইল ইন্টারনেট ও ডাটা পরিষেবা (ভিপিএন পরিষেবা)-র ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

প্রসঙ্গত, ওই জেলাগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে প্ৰথমে গত ৭ এপ্রিল তিন দিনের জন্য মোবাইল ডাটা পরিষেবা, ব্রডব্যান্ড, ভিএসএটি (ভিস্যাট) এবং ভিপিএন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে এই নিষেধাজ্ঞা সময় সময় বাড়ানো হলেও আইএলএল এবং এফটিটিএইচ-এর মতো ব্রডব্যান্ড পরিষেবায় সীমিত ও নিয়ন্ত্রিত ছাড় দেওয়া হয়েছিল।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থল পরিস্থিতির মূল্যায়ন এবং ইন্টারনেট বন্ধ থাকার ফলে সৃষ্ট ব্যাপক বিঘ্ন বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার দরুন হাইকোর্ট, জেলা আদালত, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল দফতরগুলির কাজকর্ম ব্যাহত হয়েছিল। এছাড়া ওয়ার্ক-ফ্রম-হোম ব্যবস্থা, আর্থিক ও কর পরিষেবা, বিদ্যুৎ ও মোবাইল রিচার্জ, এবং এলপিজি বুকিং ব্যবস্থায়ও প্রভাব পড়েছিল।

টেলিকমিউনিকেশন পরিষেবার অস্থায়ী স্থগিতাদেশ সংক্রান্ত ২০২৪ সালের বিধিবদ্ধ নিয়মের ধারা ৩ অনুসারে জনস্বার্থে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এই আদেশ একতরফাভাবে জারি করা হয়েছে এবং জনসাধারণকে অবগত করতে মুদ্রিত ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

রাজ্য সরকার নাগরিকদের ইন্টারনেট ও সামাজিক মাধ্যম ব্যবহারে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে সতর্ক করেছে, ইন্টারনেট পরিষেবা প্রত্যাহারের অপব্যবহার হলে ভবিষ্যতে আবার এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande