
হাওড়া, ১৮ এপ্রিল (হি. স.): শনিবার বিকেল প্রায় পাঁচটা পনেরো মিনিট নাগাদ হাওড়া শরৎ সদন থেকে পিলখানা চৌরাস্তা পর্যন্ত বিশাল পদযাত্রা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ রায়, উত্তর হাওড়ার গৌতম চৌধুরী এবং বালির কৈলাস মিশ্রের সমর্থনে এই পদযাত্রার আয়োজন করা হয়।এই পদযাত্রায় বহু তৃণমূল কর্মী-সমর্থক পা মেলান, ফলে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাস্তাজুড়ে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনার আবহ। মুখ্যমন্ত্রীকে এক নজর দেখার জন্য ভিড় করেন সাধারণ মানুষও। অনেকেই ফুল দিয়ে তাকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান।নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া নজরদারি। গোটা পদযাত্রা জুড়ে ছিল পুলিশি নিরাপত্তার কড়া বলয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।এদিন প্রার্থীদের সঙ্গে পায়ে হেঁটে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন কামনা করেন। নির্বাচনের প্রাক্কালে এই পদযাত্রা হাওড়ায় তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়