
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.):-২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রী আয়ে সর্বকালীন রেকর্ড গড়েছে পূর্ব রেল। শনিবার পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে মোট যাত্রী আয় দাঁড়িয়েছে ৪১৮৬.০৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৮.৫৬ শতাংশ বেশি। একইসঙ্গে যাত্রীর সংখ্যাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।তথ্য অনুযায়ী, এই সময়ে মোট ১৩২৩.৩১ মিলিয়ন যাত্রী পূর্ব রেলের পরিষেবা গ্রহণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৫.৫৬ শতাংশ বেশি। রেলের প্রতি যাত্রীদের আস্থা ও ভ্রমণ প্রবণতার বৃদ্ধিই এই সাফল্যের মূল কারণ বলে মনে করা হচ্ছে।ডিজিটাল বুকিং ব্যবস্থার ওপরও জোর দিয়েছে পূর্ব রেল। সংরক্ষিত বিভাগে ৮৩.২৭ শতাংশ টিকিট ডিজিটাল মাধ্যমে বুক হয়েছে, আর অসংরক্ষিত বিভাগে এই হার ২৭.৪৫ শতাংশ। এতে যাত্রীদের সময় সাশ্রয় এবং স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবার উন্নতি, উৎসবের সময় বিশেষ ট্রেন চালু, কোচ সংখ্যা বৃদ্ধি এবং টিকিটবিহীন যাত্রার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এই সাফল্যে বড় ভূমিকা নিয়েছে।জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্করের নেতৃত্বে পূর্ব রেল যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়