
বাসন্তী, ১৮ এপ্রিল (হি.স.): তৃণমূল ও কংগ্রেস মুখে যতই মহিলাদের সুরক্ষা, মহিলাদের সুযোগ সুবিধার কথা বলুক না কেন, তাঁরা যে মহিলা বিরোধী দল আরও একবার তা প্রমাণ হয়ে গেল, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় তৃণমূল ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। শনিবার দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী কর্মসূচিতে আসেন রাহুল সিনহা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, একসময় রাজীব গান্ধী এই মহিলা সংরক্ষণের কথা বলেছিলেন, আর এখন তাঁর ছেলে সেই মহিলা সংরক্ষণের বিরোধিতা করছে। এটা লজ্জার। এই তৃণমূল ও কংগ্রেস নিজেদের যতই মহিলাদের দল বলে গলা ফাটাক না কেন এঁরা মহিলা বিরোধী তা আরও একবার প্রমানিত হয়েছে। এছাড়াও পাঁচ বিএলও-কে সাসপেন্ড করা থেকে শুরু করে অন্যান্য বিষয়েও মুখ খোলেন রাহুল সিনহা। পাশাপাশি সারা রাজ্যে এবার গেরুয়া ঝড় উঠবে বলে দাবি করেন তিনি। এই বাসন্তী কেন্দ্রও বিজেপি প্রার্থী বিকাশ সর্দার জিতবে বলে দাবি করেন রাহুল সিনহা।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা