
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.): উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল ইন্ডিয়ান মেট্রোলজিকাল ডিপার্টমেন্ট। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দার্জিলিং ও জলপাইগুড়িতে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবারের মধ্যে কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তি বেশি থাকবে।আবহাওয়া দফতর গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা এবং হালকা সুতির পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়