
শ্রীনগর, ১৮ এপ্রিল (হি.স.) : হজযাত্রার জন্য জম্মু ও কাশ্মীর থেকে ৪৩১ জন তীর্থযাত্রীর প্রথম দল শনিবার সৌদি আরবের উদ্দেশে রওনা দিল।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দলে ২৩০ জন পুরুষ ও ২০১ জন মহিলা রয়েছেন। তাঁরা তিনটি পৃথক উড়ানে যাত্রা করেন। যাত্রা নির্বিঘ্ন করতে বেমিনার হজ হাউসে পরিবহণ, ব্যাগ-পত্র ও নথিপত্র সংক্রান্ত সমস্ত ব্যবস্থা আগে থেকেই সম্পন্ন করা হয়েছিল। প্রিয়জনদের বিদায় জানাতে হজ হাউসের বাইরে ভিড় করেন শতাধিক পরিবার-পরিজন। আবেগঘন পরিবেশের মধ্যেই যাত্রা শুরু হয় তীর্থযাত্রীদের।
উল্লেখ্য, চলতি বছরে জম্মু ও কাশ্মীর থেকে মোট ৪,৭৬৪ জন হজযাত্রী এই পবিত্র সফরে অংশ নেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য