রাহুলের সামনেই বিজেপির প্রার্থীর প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বাসন্তী, ১৮ এপ্রিল (হি. স.): বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সরকারের নির্বাচনের প্রচারে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। সেই প্রচার চলাকালীনই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে বাসন্তীর নতুনহাট এই ঘটনায় উত্তেজন
রাহুলের সামনেই বিজেপির প্রার্থীর প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


বাসন্তী, ১৮ এপ্রিল (হি. স.): বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সরকারের নির্বাচনের প্রচারে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। সেই প্রচার চলাকালীনই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে বাসন্তীর নতুনহাট এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। যদিও দ্রুত বাসন্তী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিন সকাল থেকেই বিকাশের নির্বাচনী প্রচারে সঙ্গী ছিলেন সাংসদ। প্রচার ঠিক মত চলছিল। কিন্তু জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের নতুনহাট সংলগ্ন সড় পাড়ায় যখন হুডখোলা গাড়িতে করে প্রচার করছিলেন তাঁরা, তখনই আক্রম লস্কর নামে এক তৃণমূল কর্মী সেই প্রচারে বাধা দেন বলে অভিযোগ। কোনভাবেই এই এলাকায় প্রচার করা যাবে না বলে গাড়ির পথ আটকান আক্রম। বিজেপি কর্মীরা ওই তৃণমূল কর্মীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি শোনেন নি। তখন জোর করে আক্রমকে ধাক্কা মেরে সরিয়ে দেন তারা। ঘটনায় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়, এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রমকে গ্রেফতার করা হয়।

রাহুল বলেন, “ তৃণমূল ভয় পেয়েছে। ওরা বুঝে গেছে বাসন্তীতে হারছে। সাড়া রাজ্যেও হারছে। তাই এভাবে প্রচারে বাধা দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে। আজ বিজেপি চাইলে ঐ তৃণমূল কর্মীর শহীদ বেদি ওখানেই করে দিত। কিন্তু আমরা কোনভাবেই অশান্তি চাইনি।”

যদিও এই হামলার কথা অস্বীকার করেছেন বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজী। তিনি বলেন, “তৃণমূলের এত দুর্দিন এখনও হয়নি যে দুটো টোটোয় করে জনা কয়েক নিয়ে রাহুল সিনহার মত নেতা বিজেপির প্রচার করছে, সেই প্রচারে হামলা চালাতে হবে! আসলে প্রচারে লোক নেই বলে বিজেপি এই ঝামেলার নাম করে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande