
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দাবি করেছেন যে, বিরোধী 'ইন্ডি'. জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের জেরেই কেন্দ্র সরকারের সংবিধান সংশোধনের প্রচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে। মুর্শিদাবাদে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি স্পষ্ট ভাষায় জানান, এটি কেবল মহিলা সংরক্ষণ বিল ছিল না, আসলে এর আড়ালে থাকা পরিসীমন বিলটিকেই বিরোধীরা আটকে দিয়েছে।
এদিন মুর্শিদাবাদে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ফারাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা এলাকায় রোড-শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর লালবাগ সিঙ্ঘি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি চাইলেই সংবিধান পরিবর্তন করতে পারবে না। বিরোধী দলগুলোর একতার কারণেই কেন্দ্র সরকার তাদের প্রস্তাবিত বিলটি পাস করাতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করতে চেয়েছিল, যা তৃণমূল ও অন্যান্য বিরোধী দলগুলো মিলে সফল হতে দেয়নি।
জনসভায় বক্তব্য রাখার সময় তিনি স্থানীয় সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং হুমায়ুন কবীরকেও কড়া ভাষায় আক্রমণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, গঙ্গা ভাঙনের মতো গুরুতর সমস্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রকে চিঠি দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়ে কংগ্রেসের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রসঙ্গে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের দ্রুত নতুন পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। কেন্দ্রের বঞ্চনা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জয় আসলে সাধারণ মানুষের শক্তির জয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি