বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে রোড-শো মহম্মদ আজহারউদ্দিনের
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন। এদিন তিনি শহরে একটি বর্ণাঢ্য র
বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে রোড-শো মহম্মদ আজহারউদ্দিনের


কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন। এদিন তিনি শহরে একটি বর্ণাঢ্য রোড-শোতে অংশ নিয়ে কংগ্রেস প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান।

রোড-শো শুরু করার আগে আজহারউদ্দিন অধীর চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং এই অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বহরমপুরের সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ বজায় রাখতে অধীর চৌধুরীকেই জয়ী করা প্রয়োজন। প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে একঝলক দেখতে রাস্তার দু'পাশে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষকে বাড়ির ব্যালকনি এবং ছাদ থেকেও হাত নেড়ে তাঁকে স্বাগত জানাতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী হিসেবে বহরমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় তিন দশক পর তিনি ফের রাজ্যের নির্বাচনী রাজনীতিতে ফিরে এলেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই বহরমপুর কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। সেই হারের পর বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক জমি ফিরে পেতে মরিয়া বর্ষীয়ান এই নেতা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজহারউদ্দিনের এই সফর অধীর চৌধুরীর নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করার একটি কৌশল। লোকসভা নির্বাচনে পরাজিত হলেও মুর্শিদাবাদের রাজনীতিতে অধীর চৌধুরী এখনও এক প্রভাবশালী মুখ। ১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার বহরমপুরের সাংসদ থাকার পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন।

পশ্চিমবঙ্গে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বহরমপুরে ভোটগ্রহণ হবে প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande