
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে প্রচারের পারদ চড়াতে রবিবার জঙ্গলমহল এলাকায় চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঝটিকা সফরে মূলত আদিবাসী ভোটারদের নিজেদের দিকে টানতেই বিশেষ রণকৌশল নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
প্রধানমন্ত্রী রবিবার রাঢ়বঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সভা করবেন। তাঁর কর্মসূচির তালিকায় রয়েছে বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর। একদিনে রাজ্যে চারটি বড় জনসভা করা তাঁর সাধারণ নির্বাচনী সূচির তুলনায় কিছুটা ব্যতিক্রমী বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছাবেন এবং দুর্গাপুরে রাত্রিযাপন করবেন। এরপর রবিবার সকালে তিনি বাঁকুড়ায় পৌঁছাবেন এবং বড়জোড়াতে বেলা ১১টা নাগাদ প্রথম সভাটি করবেন। এরপর তিনি যাবেন পুরুলিয়ায়, যেখানে বলরামপুর বিধানসভা কেন্দ্রে দুপুর ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় সভাটি নির্ধারিত রয়েছে। তৃতীয় সভাটি হবে দুপুর ২টো ৪৫ মিনিটে ঝাড়গ্রাম শহর সংলগ্ন এলাকায়। দিনের চতুর্থ তথা শেষ সভাটি অনুষ্ঠিত হবে মেদিনীপুরে।
এর পাশাপাশি, আগামী ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী হাওড়ার বেলুর মঠ পরিদর্শন করবেন। সেখান থেকে সালকিয়া পর্যন্ত তাঁর একটি রোড-শো করার কথা রয়েছে। ওই একই দিনে কৃষ্ণনগরেও তাঁর একটি জনসভা প্রস্তাবিত রয়েছে।
প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র পাঁচ দিন বাকি থাকায় রাজ্যে প্রচার অভিযান তুঙ্গে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদী সহ বিজেপির শীর্ষ সারির নেতারা লাগাতার বাংলা সফর করছেন। উল্লেখ্য, ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রধানমন্ত্রী মোদীকে প্রচারের প্রধান মুখ হিসেবে তুলে ধরেছে এবং 'সোনার বাংলা' গড়ার ডাক দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের সমর্থন সুনিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এই নিবিড় সফর পরিকল্পনা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি