
আরামবাগ, ১৮ এপ্রিল (হি.স.): ভোটের আবহে হুগলি জেলার আরামবাগ শহরের দোতাপাড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লো। বিজেপির ট্যাবলো-টোটো ভাঙচুর এবং এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দক্ষিণ বাদলকোনা এলাকায় নির্বাচনী প্রচার শেষ করে একটি ট্যাবলো-টোটো নিয়ে ফিরছিলেন চালক। সেই সময় দোতাপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি গাড়িটিকে ঘিরে ধরে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত এক বিজেপি কর্মী প্রতিবাদ করলে তাকেও শারীরিকভাবে আঘাত করা হয়। এতে তিনি আহত হন এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে অন্যান্য বিজেপি কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ এবং আহত কর্মীর খোঁজখবর নেন।
অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘোড়ুই জানান, বিষয়টি তাঁর কানে এসেছে এবং যদি দলের কেউ যুক্ত থাকেন, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA