
আরামবাগ, ১৮ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারিতে নেমেছে আরামবাগ পুলিশ প্রশাসন। শনিবার খানাকুলের বরখানতলা এলাকায় হঠাৎ তল্লাশি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ শব্দবাজি তৈরির কাজ চলছিল। সেই সূত্রেই অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি সমীর মুখার্জি-সহ একাধিক পুলিশ আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও অভিযানে অংশ নেন।
এদিন পাড়ায় পাড়ায় ঢুকে তল্লাশি চালানোর পাশাপাশি স্থানীয়দের অবৈধ বাজি তৈরি বা মজুত না করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়। কোথাও নিষিদ্ধ বাজি লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ড্রোন ক্যামেরারও ব্যবহার করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিকভাবে সংবেদনশীল খানাকুলে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একাধিক দফায় তল্লাশি ও নজরদারি চলছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA