
সাব্রুম (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফল ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরার মনু-বনকুল এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। ২৮-শিলাছড়ি–মনু বনকুল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কংঅজং মগ ৪৯৪ ভোটে জয়ী হন। অন্যদিকে, অধিকাংশ আসনে জয় পেয়ে তিপ্রা মথা পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস লক্ষ্য করা যায়।
বিজেপি-র অভিযোগ, এই উল্লাসকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চালিতা বনকুল বটতলা বাজার, মডেল মারগো পাড়া এবং বিষ্ণুপুর এলাকায় তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে এই অভিযোগের বিষয়ে অপর পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ঘটনার জেরে শনিবার সকালে মনু-বনকুল নতুন ও পুরাতন বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু যুবকের উপস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপত্তার অভাবে দোকানপাট বন্ধ করে দেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এবং দোকান খোলার আহ্বান জানান। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, স্থানীয় বিধায়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিক সম্মেলন করে সকল পক্ষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ