
তারকেশ্বর ,১৮এপ্রিল (হি.স.): হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তু পানের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল চাপাডাঙ্গা এলাকায়। অভিযোগ, প্রচারের খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে কর্মরত সাংবাদিকদের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চাপাডাঙ্গা এলাকায় বিজেপি প্রার্থী সন্তু পান যখন প্রচার চালাচ্ছিলেন, তখন সেই খবর সংগ্রহ করছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা লালটু চ্যাটার্জির নেতৃত্বে একদল ব্যক্তি সাংবাদিকদের কাজে বাধা দেন এবং তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার ও হেনস্থা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হেনস্থার শিকার সাংবাদিকদের নিরাপদে উদ্ধার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে শাসকদল। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছে তারা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেনস্থার অভিযোগ অস্বীকার করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA