মঙ্গলখালীর খালেদ হত্যাকাণ্ডে গ্রেফতার আরও দুই অভিযুক্ত
ধর্মনগর (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.): পবিত্র ঈদের দিন সংঘটিত মঙ্গলখালী এলাকার চাঞ্চল্যকর খালেদ আহমেদ হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। বিশেষ অভিযানে এই মামলার আরও দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রা
দুই অভিযুক্ত গ্রেফতার


ধর্মনগর (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.): পবিত্র ঈদের দিন সংঘটিত মঙ্গলখালী এলাকার চাঞ্চল্যকর খালেদ আহমেদ হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। বিশেষ অভিযানে এই মামলার আরও দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতদের নাম আক্রাম আলি (২৮) এবং আব্দুল নূর ওরফে জুবেল হোসেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পদ্মবিল এলাকায় পরিকল্পিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, পবিত্র ঈদের দিন মঙ্গলখালী এলাকায় খালেদ আহমেদ নামে জনৈক যুবককে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই পুলিশ একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে রাগনা এলাকা থেকে আরও দুইজনকে আটক করা হয়। সর্বশেষ শনিবার রাতে আরও দুইজনকে গ্রেফতারের মাধ্যমে এই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল পাঁচে। ধৃতদের রবিবার আদালতে তোলা হয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পাঁচ অভিযুক্তের গ্রেফতারির পর মঙ্গলখালী এলাকায় কিছুটা স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ধৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক অভিযোগ ছিল এবং এই গ্রেফতার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande