ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে হিঙ্গলগঞ্জে রাস্তা অবরোধ
বসিরহাট, ২ এপ্রিল (হি. স.):- অতিরিক্ত ভোটার তালিকা থেকেও নাম বাদ পড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট–রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের খড়ুল গ্রাম। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা হাসনাবাদ–হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক
রাস্তায় বিক্ষোভ


বসিরহাট, ২ এপ্রিল (হি. স.):- অতিরিক্ত ভোটার তালিকা থেকেও নাম বাদ পড়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট–রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের খড়ুল গ্রাম। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা হাসনাবাদ–হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলার ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, খড়ুল গ্রামের ৩০ নম্বর বুথে প্রায় ১৫০ জন ভোটারের নাম হঠাৎ করেই অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের দাবি, এই ভোটারদের অধিকাংশই পূর্ববর্তী একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন। তবুও কোনও স্পষ্ট কারণ ছাড়াই নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।স্থানীয়দের বক্তব্য, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অবরোধ চলাকালীন কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande