নির্বাচনী উত্তাপের মাঝেই সৌজন্যের নজির, ভিড়িঙ্গী মন্দিরে মুখোমুখি তৃণমূল-বিজেপি প্রার্থী
দুর্গাপুর, ২ এপ্রিল (হি.স.): মনোনয়ন পর্বে যখন রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন দুর্গাপুরে ধরা পড়ল এক ভিন্ন ছবি। শিল্পশহরের ভিড়িঙ্গী কালি মন্দিরে শাসক ও বিরোধী দুই দলের প্রার্থীর সৌজন্য বিনিময় নজর কাড়ল উপস্থিত সকলের। বৃহস্পতিবার
সৌজন্যের রাজনীতি,  দুর্গাপুর ভিড়িঙ্গী মন্দিরে শাসক-বিরোধী দুই দলের প্রার্থীর সৌজন্য বিনিময়


দুর্গাপুর, ২ এপ্রিল (হি.স.): মনোনয়ন পর্বে যখন রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন দুর্গাপুরে ধরা পড়ল এক ভিন্ন ছবি। শিল্পশহরের ভিড়িঙ্গী কালি মন্দিরে শাসক ও বিরোধী দুই দলের প্রার্থীর সৌজন্য বিনিময় নজর কাড়ল উপস্থিত সকলের।

বৃহস্পতিবার মনোনয়ন জমার দ্বিতীয় দিনে সকালে পুজো দিতে ভিড়িঙ্গী মন্দিরে আসেন বিজেপি বিধায়ক তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী লক্ষণ ঘড়ুই। একই সময়ে সেখানে পুজো দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার। রাজনৈতিকভাবে দুই ভিন্ন শিবিরে থাকলেও মন্দির প্রাঙ্গণে মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করেন তাঁরা। হাত মিলিয়ে সংক্ষিপ্ত কথোপকথনেও অংশ নেন দুই নেতা।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও শহরে একাধিক অনুষ্ঠানে দুই দলের নেতাদের সৌজন্য বিনিময়ের ছবি দেখা গিয়েছে। দুর্গাপুজোর সময় লক্ষণ ঘড়ুইয়ের আমন্ত্রণে মণ্ডপে উপস্থিত হয়েছিলেন প্রদীপ মজুমদার। পাশাপাশি বেনাচিতি বাজারে রামনবমীর শোভাযাত্রাতেও তৃণমূল প্রার্থী কবি দত্ত ও বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের একসঙ্গে অংশগ্রহণ শহরবাসীর নজর কেড়েছিল।

এদিনের এই ঘটনাকে ঘিরে মন্দির চত্বরে উপস্থিত অনেকেই একে রাজনৈতিক সৌজন্যের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখেছেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও পারস্পরিক সম্মান বজায় রাখার এই ছবি সচরাচর দেখা যায় না বলেই মত তাঁদের।

এ প্রসঙ্গে প্রদীপ মজুমদার জানান, তিনি নিয়মিত এই মন্দিরে পুজো দিতে আসেন এবং মনোনয়নের আগে আশীর্বাদ নিতে এসেছিলেন। সেখানে লক্ষণ ঘড়ুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অন্যদিকে লক্ষণ ঘড়ুই বলেন, বিধানসভায় যেমন সৌজন্য বিনিময় হত, তেমনই এদিনও রাজনীতির ঊর্ধ্বে উঠে তা বজায় রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande