
হায়দরাবাদ, ২ এপ্রিল (হি.স.): বুধবার হায়দরাবাদের ডেকান এরেনায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ফুটবল লিগ ( আইএফএল ) ২০২৫-২৬ -এর শীর্ষস্থানের লড়াইয়ে শ্রীনিদি ডেকান এফসি এবং শিলং লাজং এফসি গোলশূন্য ড্র করেছে ,ফলে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দলই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকেছে। দুই দলই সমান পয়েন্ট নিয়ে খেলতে নেমেছিল। ম্যাচটিতে উভয় দলের রক্ষণভাগই দৃঢ় ছিল এবং গোলরক্ষকরা গুরুত্বপূর্ণ সেভ করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। শ্রীনিদীর গোলরক্ষক কমলজিৎ সিং ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন।
দিনের আর একটি ম্যাচে, জয়পুরের বিদ্যাধর নগর স্টেডিয়ামে নাওবা মেইতেই এবং আমাদু সুকুনার দুটি গোলে রাজস্থান ইউনাইটেড ২-০ ব্যবধানে চানমারি এফসিকে পরাজিত করেছে। আমাদু সুকুনা ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচগুলোর শেষে, সামান্য ভালো গোল পার্থক্যের কারণে রাজস্থান ও শ্রীনিধির চেয়ে এগিয়ে থেকে শিলং লাজং ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি