
কলকাতা, ২ এপ্রিল (হি. স.) : ইডেন গার্ডেন্সে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবারের বার বেলায় ক্রিকেট অনুরাগীদের ভিড় জমতে শুরু করে। এদিন সন্ধ্যায় আই পি এল এর প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি। উভয় দলের অনুগামীদের রঙিন জার্সিতে সুসজ্জিত হয়েই দেখা গেল স্টেডিয়ামের বিভিন্ন গেটে। কড়া পুলিশ প্রহরা রয়েছে। এই শহরের প্রাণকেন্দ্রে অস্থায়ী পুলিশ সহায়তা বুথ খোলা রয়েছে। কলকাতা পুলিশের তরফেও পথচারী ও ক্রীড়ামোদীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এমনতর আয়োজন। দুপুর ১টা থেকেই রাত নটা পর্যন্ত তা চালু করা হয়েছে। আকাশবাণীর দিক থেকেই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের পথে যেতে হলে - ৫,৬,৭,৮ নম্বর গেটে প্রবল ভিড় নজরে পড়ল। বিকেল পাঁচটা নাগাদ তখনও পর্যন্ত গেট খোলা হয় নি। কাজেই উৎসাহ যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই আবার স্টেডিয়ামেই ঢোকার আগেই বিশেষ করে মহিলারা মুখমণ্ডলে বিভিন্ন রঙে নিজেদের সাজিয়ে নেন। হেয়ার ব্যান্ড ১০ টাকাতে বিক্রি হচ্ছে। পছন্দের দলের রঙিন জার্সিও ১৫০-২০০ টাকায় কিনতে মিলছে। রাত পর্যন্ত মেট্রো পরিষেবার ইঙ্গিত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত