
হুগলি, ২ এপ্রিল (হি.স.): হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর কাছেই ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন পাটকলের শ্রমিকরা। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, উভয় দলই পাট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বুধবার রিষড়ার সন্ধ্যা–বাজারে গিয়ে পাটকল শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন, মতবিনিময় করেন তাঁদের সঙ্গে। সেসময় তিনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদনও জানান। এদিকে, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালুর দাবিতে শ্রমিকদের নিয়ে একটি র্যালি করেন, এবং সংশ্লিষ্ট বিভাগে একটি স্মারকলিপিও জমা দেন।
প্রসঙ্গত, বন্ধ পাটকল, অনিয়মিত কর্মসংস্থান এবং স্বল্প আয় এখানকার শ্রমিকদের কাছে উদ্বেগের কারণ। সেটাকেই হাতিয়ার করতে চাইছে শাসক-বিরোধী উভয় দল। পাটকলগুলো পুনরায় চালু করা নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে এখানে। বিজেপি যেমন শ্রমিকদের সঙ্গে সরাসরি সংযোগে জোর দিচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মসংস্থান এবং পাটশিল্প পুনরুজ্জীবনের বিষয়গুলো প্রচারে তুলে ধরছে।
উল্লেখ্য, শ্রীরামপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় কর্মসংস্থানের প্রধান শিল্প বিভিন্ন পাটকল। এগুলোর মধ্যে অন্যতম হেস্টিংস, ওয়েলিংটন পাটকল। শ্রীরামপুর ও সংলগ্ন এলাকায় এমন বেশ কয়েকটি পাটকলের মাধ্যমে জীবিকা নির্বাহ হয় কয়েক হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের। বলা বাহুল্য, বিপুল সংখ্যক শ্রমিক ও তাঁদের পরিবার এই অঞ্চলে বসবাস করায় তাঁরা যেকোনও রাজনৈতিক দলের কাছেই বড় ভোটব্যাঙ্ক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাট শ্রমিকদের জোটবদ্ধ ভোট বদলে দিতে পারে শ্রীরামপুরের নির্বাচনের ফলাফল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ