
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই বাজারে ব্যাপক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটি—উভয় সূচকেরই পতনের গ্রাফ ক্রমাগত বাড়তে থাকে। মাঝে ক্রেতারা শেয়ার কেনার মাধ্যমে বাজারকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। সকাল ১০টা পর্যন্ত সেনসেক্স ২.০৪ শতাংশ এবং নিফটি ২.১২ শতাংশ পতনের সঙ্গে লেনদেন করছিল।
সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাজারের প্রথম সারির শেয়ারগুলোর মধ্যে কেবল টিসিএস এবং এইচসিএল টেকনোলজি সামান্য লাভের মুখ দেখেছে। অন্যদিকে, ইন্টারগ্লোব এভিয়েশন, সান ফার্মাসিউটিক্যালস, আদানি পোর্টস, শ্রীরাম ফিনান্স এবং লারসেন অ্যান্ড টুব্রোর মতো শেয়ারগুলো ৩.২৪ থেকে ৪.২৮ শতাংশ পর্যন্ত পতনের শিকার হয়েছে।
বাজারের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মোট ২,৭১১টি শেয়ারে সক্রিয় লেনদেন হচ্ছিল। এর মধ্যে মাত্র ৩৯৮টি শেয়ার লাভের মুখ দেখলেও ২,৩১৩টি শেয়ার লোকসানের সাথে লাল চিহ্নে অবস্থান করছে। একইভাবে, সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে মাত্র ২টি এবং নিফটির ৫০টি শেয়ারের মধ্যে মাত্র ২টি শেয়ারে লাভের দেখা মিলেছে। বাকি সব শেয়ারই বিক্রির চাপে নিম্নমুখী।
বিএসই সেনসেক্স এদিন ৮৭২.২৭ পয়েন্ট কমে ৭২,২৬২.০৫ স্তরে খোলে। লেনদেন শুরুর পরপরই বিক্রির প্রবল চাপে সূচকটি আরও নিচে নেমে যায়। সকাল ১০টা নাগাদ সেনসেক্স ১,৪৯২.৯৭ পয়েন্ট ভেঙে ৭১,৬৪১.৩৫ স্তরে পৌঁছে যায়।
একইভাবে, এনএসই নিফটি এদিন ২৯৬ পয়েন্ট পড়ে ২২,৩৮৩.৪০ স্তরে লেনদেন শুরু করে। বাজার খোলার প্রথম ২০ মিনিটে সামন্য উন্নতির চেষ্টা থাকলেও ফের চতুর্মুখী বিক্রির চাপে তা খেই হারিয়ে ফেলে। সকাল ১০টা পর্যন্ত লেনদেন শেষে নিফটি ৪৮১.৬৫ পয়েন্ট হারিয়ে ২২,১৯৭.৭৫ স্তরে অবস্থান করছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি