
মুম্বই, ২ এপ্রিল (হি.স.): জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত এবং সঞ্জয় দত্ত অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র আখরি সওয়াল-এর টিজার বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে মুক্তি পাওয়া এই টিজারটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চায়। নিখিল নন্দ প্রযোজিত এই চলচ্চিত্রটি এর সংবেদনশীল এবং সাহসী বিষয়বস্তুর কারণে উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করছে।
জানা গেছে, আখরি সওয়াল-এর টিজারটি ইতিহাসের সেইসব জটিল এবং বিতর্কিত দিকগুলোকে স্পর্শ করেছে যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। চলচ্চিত্রটিতে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর আরোপিত বিধিনিষেধ থেকে শুরু করে বাবরি মসজিদ বিবাদ পর্যন্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির গল্প ভিকি নামের এক তরুণ গবেষককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যিনি তার গুরু অধ্যাপক গোপাল নাদকার্নির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। একটি ব্যক্তিগত অ্যাকাডেমিক বিবাদ ধীরে ধীরে একটি জাতীয় বিতর্কে পরিণত হয়। চলচ্চিত্রটির মূল কাহিনী একজন গুরু ও তাঁর শিষ্যের মধ্যে দ্বন্দ্ব এবং সত্যের অনুসন্ধানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যা শেষ পর্যন্ত এমন এক রহস্য উন্মোচন করে যা দুজনের জীবনই বদলে দিতে পারে।
এছাড়া, চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অমিত সাধ, নমশী চক্রবর্তী, সমিরা রেড্ডি, নীতু চন্দ্র এবং ত্রিধা চৌধুরী। উৎকর্ষ নাইথানির লেখা এই চলচ্চিত্রর সঙ্গীত পরিচালনা করেছেন মন্টি শর্মা। আখরি সওয়াল চলতি বছরের ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং এর বিষয়বস্তুর কারণে এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন