
কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): “ভবানীপুরবাসীকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি গত ১৫ বছরের ব্যর্থ, দুর্নীতিগ্রস্ত ও অত্যাচারী শাসনব্যবস্থা থেকে ভবানীপুর তথা পশ্চিমবঙ্গকে মুক্ত করব।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক্সবার্তায় এ কথা লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা, তথা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও সম্মান ফিরিয়ে এনে একটি সুশাসন, শান্তিপূর্ণ ও উন্নততর ভবানীপুর গড়ে তুলব এটাই আমার অঙ্গীকার।
আজ ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের অপশাসন, দুর্নীতি, সন্ত্রাস, নারী নির্যাতন ও তোষণের বিরুদ্ধে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ভবানীপুর সার্ভে বিল্ডিংয়ে আমি ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলাম।
ভবানীপুরের মানুষ পরিবর্তন চায়, চায় চুরি-দুর্নীতিমুক্ত প্রশাসন, চায় নারীদের নিরাপত্তা, চায় যুবকদের কর্মসংস্থান, চায় শিক্ষা ও শিল্পের উন্নয়ন, চায় আইনের শাসন ও সন্ত্রাসমুক্ত পরিবেশ। আসুন, আমরা সবাই একসাথে বাংলার বর্তমান দুর্দশার অবসান ঘটিয়ে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, সুশাসন, সুরক্ষা ও উন্নয়নের নতুন পশ্চিমবঙ্গ তৈরী করি।
ভবানীপুর বিধানসভার সকল জনগণের আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করছি।
জয় ভবানীপুর।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত