ধলেশ্বরে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, তীব্র যানজট ও দুর্ভোগে নিত্যযাত্রীরা
আগরতলা, ২ এপ্রিল (হি.স.): পুর নিগমের নিষেধাজ্ঞার পরেও বাস্তবে তার প্রতিফলন নেই—এমনই অভিযোগ উঠছে রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে। সব নিয়ম-নীতিকে কার্যত অমান্য করে রাস্তা দখল করে চলছে নির্মাণকাজ, যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বি
সড়ক দখল করে নির্মাণ সামগ্রী


আগরতলা, ২ এপ্রিল (হি.স.): পুর নিগমের নিষেধাজ্ঞার পরেও বাস্তবে তার প্রতিফলন নেই—এমনই অভিযোগ উঠছে রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে। সব নিয়ম-নীতিকে কার্যত অমান্য করে রাস্তা দখল করে চলছে নির্মাণকাজ, যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ধলেশ্বর এলাকার প্রান্তিক ক্লাব সংলগ্ন জিবিপি হাসপাতালমুখী প্রধান সড়কে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলেশ্বর থেকে জিবিপি হাসপাতাল যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের প্রায় অর্ধেক অংশ জুড়ে ফেলে রাখা হয়েছে বালি, পাথরের চিপসসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। ফলে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। পাথরের চিপসে গাড়ির চাকা আটকে যাওয়ায় মাঝেমধ্যেই যানজটের সৃষ্টি হচ্ছে, যা স্কুল ও অফিস টাইমে চরম আকার নিচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন ছাত্র-ছাত্রী, কর্মজীবী মানুষ এবং জরুরি পরিষেবার গাড়িগুলিও।

উল্লেখ্য, বাড়িঘরের নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখার বিরুদ্ধে আগরতলা পুর নিগম পূর্বে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছিল। এমনকি মাইকযোগে এ বিষয়ে সচেতনতা প্রচারও করা হয়। কিন্তু বাস্তবে তার কোনও প্রয়োগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। শহরের বিভিন্ন এলাকায় একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

এদিন জনৈক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের নজরদারির অভাবেই এ ধরনের বেআইনি কাজ বাড়ছে। প্রতিদিনই আমাদের চলাচলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

জনৈক অটোচালকও একই সুরে বলেন, “রাস্তার অর্ধেক জুড়ে নির্মাণসামগ্রী ফেলে রাখায় গাড়ি চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ বেআইনি, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

জানা গেছে, চার দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে এবং সেই কাজের জন্যই সড়ক দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি পুর নিগম কর্তৃপক্ষ।

এমতাবস্থায়, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande