প্রয়াত শিক্ষাবিদ ভোগেন্দ্র ঝা, শোকাহত মিথিলা সম্প্রদায়ের মানুষ
কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন প্রখ্যাত শিক্ষাবিদ তথা বিশিষ্ট সমাজকর্মী ভোগেন্দ্র ঝা। বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার কলকাতায় তিনি পরলোকগমন করেন। তাঁর প্রয়াণের খবরে কলকাতা-সহ সমগ্র মিথিলা সম্প্রদায়ের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি,
ভোগেন্দ্র ঝা


কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন প্রখ্যাত শিক্ষাবিদ তথা বিশিষ্ট সমাজকর্মী ভোগেন্দ্র ঝা। বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার কলকাতায় তিনি পরলোকগমন করেন। তাঁর প্রয়াণের খবরে কলকাতা-সহ সমগ্র মিথিলা সম্প্রদায়ের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি, শিক্ষা ক্ষেত্র, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁর অনুরাগীদের মধ্যে শোকের বাতাবরণ তৈরি হয় তাঁর প্রয়াণে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর গুণমুগ্ধদের ভিড় উপচে পড়ে।

উল্লেখ্য, ভোগেন্দ্র ঝা একদিকে যেমন ছিলেন সফল শিক্ষাবিদ, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন তাঁর দূরদর্শীতার নিদর্শন। একসময়ে তেমন ভাল স্কুল ছিল না বাগুইআটি অঞ্চলে। এটা উপলব্ধি করে তিনি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। তাঁর প্রচেষ্টায় বহু শিক্ষার্থী উন্নতমানের শিক্ষালাভের সুযোগ পায়। তিনি বিশ্বাস করতেন, শিক্ষাই একমাত্র মাধ্যম যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে শক্তিশালী করতে পারে এবং জীবনে সাফল্যের পথ প্রশস্ত করতে পারে। কলকাতা পাবলিক স্কুলের চেয়ারম্যান হিসেবে তিনি এই প্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছিলেন।

বিহারের মধুবনী জেলার বেণীপট্টি-নবকরহি গ্রামের ভূমিপুত্র ছিলেন ভোগেন্দ্র ঝা। নিজের গ্রাম ও জেলাতেও বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিশুদের ভবিষ্যৎ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রবাসী হলেও তিনি আজীবন মিথিলার ভাষা, সংস্কৃতির প্রচার অব্যাহত রেখেছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত সকলে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, বন্ধু এবং অগণিত গুণমুগ্ধদের। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, এমনই মত তাঁর অনুরাগীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande